|
| শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির মেয়াদ বাড়লো ১২ জুন পর্যন্ত; ছবি: শিক্ষামন্ত্রী ডা. দিপু মণি |
ভয়েস অব পটিয়া-ন্যাশনাল ডেস্কঃ করোনার সংক্রমণ এড়াতে গত বছরের মার্চ মাস থেকে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির মেয়াদ আরেক দফা বাড়িয়েছে সরকার।
আগামী ১২ জুন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির মেয়াদ বাড়ানোর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মণি।
আজ বুধবার (২৬ মে) দুপুরে গণমাধ্যমের সাথে এক ভার্চুয়াল আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন. “আমাদের যে পরিস্থিতি আছে মহামারীর, তার সাথে সম্প্রতি ঈদযাত্রার কারণে কিছুটা সংক্রমণের হার বেড়েছে। কোনো কোনো জেলায় সংক্রমণের হার বেশ বেড়েছে। সে কারণে সবগুলো বিষয় বিবেচনা করেই ১২ জুন পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে। আশা করি অবস্থার উন্নতি হলে, আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারব। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সব স্কুল খুলে দেওয়ার প্রস্তুতি আমাদের আছে। স্বাস্থ্যবিধি মেনে আমরা যেন প্রতিষ্ঠানগুলো খুলে দিতে পারি, সে নির্দেশনা দেওয়া আছে।”
শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের উৎকন্ঠার মধ্যে আবার ছুটি বাড়ানোর এ ঘোষণা এলো।
উল্লেখ্য, চলমান ছুটি স্থগিত করে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে দেশের বিভিন্ন স্থানে শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করে আসছিলেন। এর মধ্যেই চলমান এ ছুটি আরেক দফা বাড়ানোর সিদ্ধান্ত জানাল সরকার।
এর আগে দু’দফা শিক্ষামন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দিয়েছিলেন। পরে এ ছুটি আবার বাড়ানো হয়েছিল।

মন্তব্য করুন