![]() |
| পটিয়ায় ভূমিদস্যুদের দখলে থানার মোড়ের সরকারী জমি |
ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্কঃ পটিয়া পৌরসভার থানার মোড়স্থ অর্ধশত কোটি টাকার সম্পত্তি ভূমিদস্যুদের দখলে।
দীর্ঘদিন ধরে চট্টগ্রাম জেলা পরিষদের ২৭ শতক জায়গা থানার মোড়ের বেশ কয়েকজন ব্যবসায়ী অবৈধভাবে দখল করে ব্যবসা চালিয়ে আসছে।
![]() |
| পটিয়ায় ভূমিদস্যুদের দখলে সরকারী জমি |
সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, ওই জায়গা লোহার বেড়াপূর্বক দখলে নিয়ে পাকা
স্থাপনা তৈরীর কাজ শুরু করেছে উক্ত ভূমিদস্যু ব্যবসায়ীরা। ভূমিদস্যু চক্রটি ইতিমধ্যে জেলা পরিষদের সাইন বোর্ডও সরিয়ে নিয়েছে। শুধু তাই নয়, পটিয়া পৌরসভার
স্থাপনকৃত ড্রেনও দখলে নিয়েছে চক্রটি। ড্রেনের উপরও স্থাপনা নির্মাণে কাজও
এগিয়ে চলছে তড়িৎগতিতে। চট্টগ্রাম জেলা পরিষদের ২৭ শতক জায়গা দখল করে
নিজেদের জায়গা বলে দাবি করে এখানে বহুতল ভবন নির্মাণ করছে ‘ডিউ গ্রুপ’ নামে
একটি ডেভেলপার প্রতিষ্ঠান। ‘ডিউ ক্রাউন সেন্টার’ নাম দেয়ার মাধ্যমে
বর্তমানে বিল্ডিং নির্মাণের পর বিভিন্ন দোকানও বরাদ্দ দেওয়া হয়েছে।
ভূমি অফিস সূত্রে জানা যায়, স্বাধীনতার পর থেকে দক্ষিণ চট্টগ্রামের সাবেক মহকুমা পটিয়া পৌর সদরের ঐতিহ্যবাহী থানার মোড় এলাকায় ২৭ শতক জায়গা রয়েছে চট্টগ্রাম জেলা পরিষদের। ২০১০ সালে এখানে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের উদ্যোগ নিলেও রাজনৈতিক মদদপুষ্ট একটি প্রভাবশালী ভূমিদস্যু চক্রের হাত থেকে আজ পর্যন্ত সরকারী এ সম্পদ উদ্ধার করা সম্ভব হয়নি। সরকারী জায়গায় মন্দির স্থাপন করে ধর্মের দোহাই দিয়ে বিভিন্নভাবে বাধা দেয়ার চেষ্টা করে ভূমিদস্যু চক্রটি।
![]() |
| পটিয়ায় ভূমিদস্যুদের দখলে সরকারী জমি |
উল্লেখ্য, ২০১০ সালে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দা সরোয়ার জাহান সরকারের ২৭ শতক সম্পত্তি উদ্ধারের প্রক্রিয়া শুরু করে আধুনিক বাণিজ্যিক মার্কেট নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। একই বছর টেন্ডারের মাধ্যমে ১১টি দোকান প্রায় ২ কোটি ৩৪ লাখ টাকায় বরাদ্দ দেয় জেলা পরিষদ। পরে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জায়গা নির্ধারণ করে লে-আউট বুঝিয়ে দেন ঠিকাদারী প্রতিষ্ঠানকে। ঠিকাদারী প্রতিষ্ঠানটি ১১টি দোকান নিমার্ণের জন্য মাটি কাটার মধ্য দিয়ে কাজ শুরু করলেও রাতে আঁধারে সরকারী উন্নয়ন কাজ বাধাগ্রস্থ করতে প্রভাবশালী ভূমিদস্যু চক্রটি সংঘবদ্ধ হয়ে রাতের বেলায় মাটি ভরাট করে দেয় বলে অভিযোগ রয়েছে। আজ পর্যন্ত এ ভূমিদস্যু চক্রটির হাত থেকে ২৭ শতক জায়গার উদ্ধার করতে পারেনি চট্টগ্রাম জেলা পরিষদ।
ব্যস্ততম এ এলাকায় সরকারীভাবে বাণিজ্যিক ভবন নির্মাণ হলে পটিয়ার ব্যবসায়ী মহলে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে এবং কয়েক’শ লোকের কর্মসংস্থানের সুযোগ হবে। এখান থেকে বছরে সরকার প্রায় কোটি টাকার রাজস্ব আয় করতে পারবে।




মন্তব্য করুন