ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্কঃ করোনা পরিস্থিতিতে আসন্ন পবিত্র ঈদ-উল-আজহায় (কুরবানীর ঈদ) মোট ৯ দিন গণপরিবহন বন্ধ থাকবে। ঈদের পাঁচ দিন আগে এবং ঈদের তিন দিন পর পর্যন্ত সড়কে কোন প্রকার গণপরিবহন চলবে না।
ঈদে গণপরিবহন চলাচণ বন্ধ রাখার নির্দেশনা দিয়ে মন্ত্রীপরিষদ বিভাগ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কাছে চিঠি পাঠানো হয়েছে।
গণপরিবহন বন্ধের এমন নির্দেশনা সম্পর্কিত চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
বুধবার সচিবালয়ে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে লঞ্চ, ফেরি, স্টিমার চলাচল ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ কর্মপন্থা নির্ধারণ সংক্রান্ত এক বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, ঈদের আগের পাঁচ দিন এবং ঈদের পর তিন দিন গণপরিবহন বন্ধ রাখার বিষয়ে একটি চিঠি আমরা পেয়েছি। করোনা পরিস্থিতি মোকাবেলায় এ নির্দেশনার আলোকে আলোচনা করে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব।
তিনি বলেন, এবারের ঈদে যারা বাড়ি যেতে চান, তাদেরকে ঈদের পাঁচ দিন আগেই যেতে হবে। যারা ফিরতে চান, তাদের তিন দিন পরেই ফিরতে হবে।
অন্যদিকে মন্ত্রীপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাস সংক্রমণ রোধের লক্ষ্যে আসন্ন ঈদের সময় জনগণের চলাচল সীমাবদ্ধ করতে ঈদ-উল-আজহার পাঁচ দিন আগে থেকে এবং ঈদের পরের তিন দিন পর পর্যন্ত গণপরিবহন বন্ধ রাখার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যানের কাছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে চিঠি পাঠানো হয়েছে।
উল্লেখ্য, জিলহজ্ব মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ জুলাই বা ১ আগস্ট দেশে পবিত্র ঈদ-উল-আযহা (কুরবানীর ঈদ) উদযাপিত হবে। এর আগে ও পরে মোট ৯ দিন সড়কে কোনপ্রকার গণপরিবহন চলাচল করবে না বলে সূত্র জানিয়েছে।

মন্তব্য করুন