ভয়েস অব পটিয়া-ন্যাশনাল ডেস্কঃ বাংলাদেশ-ভারত
সীমান্তে ফেনী নদীর উপর নির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার (০৯ মার্চ) দুপুরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিং এ যুক্ত হয়ে এই সেতুর উদ্বোধন
করেন।
এই প্রথম বাংলাদেশ-ভারতের মধ্যকার কোনো নদী সেতুর উদ্বোধন হলো। ফেনী নদীর উপর
নির্মিত এই সেতুর নাম রাখা হয়েছে ‘মৈত্রী সেতু’।
দুই দেশের প্রধানমন্ত্রী এই সেতু উদ্বোধন করার পাশাপাশি ত্রিপুরার সাবরুমে একটি
ইন্টিগ্রেটেড চেকপোস্টেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরো
বক্তব্য রাখেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমি মনে করি
এই সেতু আমাদের দুই দেশের মাঝে শুধু সেতুবন্ধই রচনা করবে না বরং ব্যবসা-বাণিজ্য
এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বিরাট অবদান রাখবে। শুধু চট্টগ্রাম বন্দর নয়,
চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরও ত্রিপুরাবাসী ব্যবহার করতে পারবে।’
ফেনী নদীর উপর নির্মিত ফেনী সেতুর দৈর্ঘ্য ১.৯ কিলোমিটার। এটি বাংলাদেশের রামগড়
উপজেলার সাথে ভারতের ত্রিপুরার সাবরুমকে যুক্ত করেছে।
চট্টগ্রাম বন্দর থেকে ত্রিপুরাসহ ভারতের উত্তর-পূর্বাঞ্চলে ব্যবসা-বাণিজ্যের
প্রসারে আমদানি-রপ্তানির সুবিধার জন্য ১৩৩ কোটি রুপি ব্যয়ে ভারতের ন্যাশনাল
হাইওয়েস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করপোরেশন এই সেতু নির্মাণ
করেছে।
এই সেতু নির্মিত হওয়ায় সহজেই পণ্য আমদানি-রপ্তানির পাশাপাশি দীর্ঘ দশক যোগাযোগ
ক্ষেত্রে পিছিয়ে থাকা ত্রিপুরাসহ ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে
উন্নয়নের দ্বার উন্মোচিত হল।

মন্তব্য করুন