| | পটিয়ার তাপমাত্রা: --°C
চট্টগ্রাম

বুধবার থেকে ৪৮ ঘন্টার পরিবহন ধর্মঘট

বুধবার থেকে ৪৮ ঘন্টার পরিবহন ধর্মঘট; পটিয়া; চট্টগ্রাম দক্ষিণ জেলা; চট্টগ্রাম; চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক; জাতীয়; ধর্মঘট; সংবাদ; সারাদেশ; Patiya; Chittagong; Chattogram; Election; Voter List; National Identity Card; NID
ডিবি পুলিশ পরিচয়ে বাস থেকে চালককে নামিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে বুধবার থেকে ৪৮ ঘন্টার পরিবহন ধর্মঘট

ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্কঃ পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয়ে বাস থেকে চালককে নামিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে আগামীকাল বুধবার সন্ধ্যা ৬টা থেকে টানা ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিক সংগঠনগুলো।

ঢাকা-চট্টগ্রামসহ ৬৮টি আন্তঃজেলা ও ১৯টি স্থানীয় রুটে একসঙ্গে ২৪ ঘণ্টা এবং বৃহত্তর চট্টগ্রামের ৫ জেলায় আরও ২৪ ঘণ্টা পরিবহন ধর্মঘট চলবে।

পূর্বাঞ্চলীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি মৃণাল চৌধুরী বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
মঙ্গলবার সন্ধ্যায় পূর্বাঞ্চলীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এবং চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যৌথ সভা শেষে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

এর আগে গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে পটিয়া ভেল্লাপাড়া সেতু এলাকায় গোয়েন্দা পুলিশ পরিচয়ে শ্যামলী পরিবহনের একটি গাড়ির চালক জালাল উদ্দিনকে (৫০) পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া যায়। নিহত জালাল উদ্দিনের বাড়ি দিনাজপুর জেলায়।

পরিবহন সংগঠনের নেতারা অভিযোগ করে জানান, সোমবার রাত ৮টার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রামের পথে রওনা দেয় শ্যামলী পরিবহনের একটি বাস। পথে পটিয়া উপজেলাধীন ভেল্লাপাড়া খাল সংলগ্ন সেতু এলাকায় বাসটিকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে থামান অন্তত ৭ জন ব্যক্তি। এরপর তারা বাসে উঠে তল্লাশি শুরু করেন।
এক পর্যায়ে বাসের চালক জালালের হাতে হাতকড়া পরিয়ে ইয়াবা বের করে দিতে বলেন তারা। ইয়াবা নেই বলে জানালে চালককে লাঠি দিয়ে পেটাতে শুরু করেন গোয়েন্দা পুলিশ পরিচয় দেওয়া ব্যক্তিরা। এমনকি রাস্তায় ফেলে লাথিও মারেন। পরে গুরুতর আহত অবস্থায় চালককে বাসের ভেতর ফেলে চলে যায় তারা। এরপর রাত আড়াইটার দিকে চালক জালালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্যামলী পরিবহনের চট্টগ্রাম অঞ্চলের মহাব্যবস্থাপক বাবুল আহমেদ বলেন, আমরা চট্টগ্রামের পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানিয়েছি। তিনি কোন থানায় ঘটনাটি ঘটেছে সেটা দেখে মামলা করার পরামর্শ দিয়েছেন।

এ ব্যাপারে জানতে চাইলে চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) নূরে আলম মিনা বলেন, জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্যদের দিয়ে শুধুমাত্র তদন্ত চালানো হয়, অভিযানে পাঠানো হয় না। ধারণা করা হচ্ছে, গোয়েন্দা পুলিশ পরিচয়ে পেশাদার অপরাধীরা এ কাজটি করেছে। জড়িতদের শার্টের ওপর ডিবির ইউনিফর্ম ছিল না বলে আমরা জেনেছি। ঘটনাস্থলের সেতুটি পটিয়া ও কর্ণফুলী থানার সীমানায় পড়েছে। ঘটনাস্থল পটিয়া থানার অধীনে হলে মামলা নিয়ে আমরা আইনগত পদক্ষেপ নেবে।

নগর গোয়েন্দা পুলিশের বন্দর জোনের উপ-কমিশনার এস এম মোস্তাইন হোসেন বলেন, সোমবার রাতে কর্ণফুলী থানা এলাকায় নগর গোয়েন্দা পুলিশের কোন দল অভিযানে যায়নি। অভিযোগ পেলে আমরা বিষয়টি খতিয়ে দেখবো।

মন্তব্য

মন্তব্য করুন

পটিয়া সব দেখুন ›

লোড হচ্ছে...

চট্টগ্রাম সব দেখুন ›

লোড হচ্ছে...